১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশা: ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারাপার শুরু

পারাপার শুরুর পর নদীতে আটকে থাকা ফেরিগুলো পাড়ে ফিরেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 11:08 AM

Updated : 03 Jan 2024, 11:12 AM

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক নূর আহম্মদ ভূইয়া জানান, দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বুধবার সকাল পৌনে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ভূইয়া বলেন, “রাতে মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়েছিল। ফেরি চলাচল শুরুর পর নদীতে আটকে থাকা ফেরিগুলো পাড়ে ফিরে এসেছে।“

সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় চাদরে ঢাকা পড়ে আছে চারপাশ। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা পর্যন্ত পারাপারের অপেক্ষায় যাত্রীবাহ বাস ও পণ‍্যবাহী ট্রাক। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ‍্যাই বেশি।

যানবাহন আটকে থাকায় শীতের মধ্যে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বেনাপোল থেকে আসা ট্রাক চালক জাহাঙ্গীর বলেন, “রাত ১২টার দিকে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই অপেক্ষায় বসে আছি। শীতের মধ্যে কষ্টতো হয়, কিন্তু কী করার আছে। কুয়াশায় তো ফেরি চলে না, চললে হয়তো এই কষ্ট হত না।“

শীতের মধ্যে কষ্টের কথা জানালেন আরেক ট্রাক চালক মোসলেম উদ্দিনও। বললেন, “গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি, আবার গাড়িতে এসে বসি, এভাবেই রাত পার করে দিলাম।“

জিরো পয়েন্ট এলাকায় আটকে থাক বাসযাত্রী আল আমিন বলেন, “সকালে চাকরির একটা পরীক্ষা আছে। এজন‍্য রাতে রওনা দিয়েছি। ভোরে ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। চিন্তায় আছি সময় মত পৌঁছাতে পারব কি না।“