১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপির নেতার বাসায় হামলা: আওয়ামী লীগ-যুবলীগের ১০ নেতা কারাগারে

২০২২ সালে মানিকগঞ্জের হরিরামপুরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলায় গত ৩১ অক্টোবর মামলা করা হয়।

বিএনপির নেতার বাসায় হামলা: আওয়ামী লীগ-যুবলীগের ১০ নেতা কারাগারে
(বা থেকে) আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান ফিরোজ, মাসুদুর রহমান মাসুদ ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 04:32 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির নেতার বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১০ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার বিকালে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাদের কারাগারে পাঠানোর রায় দেন বলে বৃহস্পতিবার সকালে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নুরতাজ আলম বাহার জানিয়েছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বলড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রামকৃষ্ণপুর ইউনিয়নের সভাপতি খলিল বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজু সিদ্দিকী, বাল্লা ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. শাহজাহান, গোপীনাথপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খৈমদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব কামরুল হাসান ফিরোজ, বলড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন হোসেন, হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছিল।

সেদিন সেখানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় গত ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল।

হরিরামপুর থানায় করা ওই মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

মানিকগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ আবুল খায়ের বলেন, ওই মামলার এজাহারভুক্ত ১০ আসামি বুধবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।