২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

দুই শতাংশ জমির বিরোধে আসামিরা করাত দিয়ে নূর বানুর গলা কেটে হত্যা করে বলে জানান পিপি।

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 05:21 PM

Updated : 20 Jun 2023, 05:21 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমির বিরোধে এক বৃদ্ধার গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল।

দণ্ডিতরা হলেন- রূপগঞ্জের তারাব পৌরসভার গন্ধর্বপুর গ্রামের রুবেল হোসেন (৩০) এবং মো. কামরুজ্জামান ওরফে কামু (৩৬)।

মামলার বরাত দিয়ে পিপি মনিরুজ্জামান বুলবুল বলেন, গন্ধর্বপুর গ্রামের ষাটোর্ধ্ব নূর বানু স্থানীয় একটি বিড়ি তৈরির কারখানার শ্রমিক ছিলেন। দুই শতাংশ জমি নিয়ে নূর বানুর পরিবারের সঙ্গে আসমিদের বিরোধ ছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিষয়টি সমাধান হয়নি।

এ দ্বন্দ্বের জেরে ২০১৯ সালের ৩০ জুন ধারালো করাত দিয়ে গলা কেটে খুন করা হয় নূর বানুকে। ঘটনার পরদিন নিহতের ছেলে ইলিয়াস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুরুতে মামলাটি রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে এর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এই আইনজীবী বলেন, মামলার তদন্তকালে অভিযুক্ত কামুকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দি দেন তিনি।

এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে থাকা অবস্থায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে দুইজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পিবিআই।এরপর বিচার কার্য শুরু হয়।

১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।