২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মা-ছেলের মৃত্যু

লালমনিরহাটের হাতিবান্ধা থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মা-ছেলের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে দুর্ঘটনার পর জব্দ করা ট্রাক।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 12:00 AM

Updated : 26 Dec 2023, 12:08 AM

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার এসআই আল-আমিন।

নিহত রিনা বেগম (২৫) কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী ও তাদের ছেলে রায়হান হাসান (২)।

পুলিশ ও পথচারীরা জানান, সন্ধ্যার পর হাতিবান্ধা থেকে মনির তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলসহ চালক মনির সড়কের পাশে ছিটকে পড়েন; তবে তার স্ত্রী রিনা ও ছেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এসআই আল-আমিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।