২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে জনগণ তাদের প্রতিহত করবে: তাজুল

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় দেশের মানুষকে উৎসাহ-উদ্দীপনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করার আহ্বান জানান।

যারা নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে জনগণ তাদের প্রতিহত করবে: তাজুল

বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 11:37 PM

Updated : 26 Oct 2023, 11:37 PM

সাংবিধানিক ধারাবাহিকতায় দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

তিনি বলেছেন, “পৃথিবীর কোনো দেশেই অসাংবিধানিক সরকার সেদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেনি। আমাদের দেশেও সামরিক শাসকরা নিজেদের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত ছিল। 

“তাই সাংবিধানিক ধারাবাহিকতায় আমাদের দেশেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন যারা প্রতিহতের চেষ্টা করবে দেশপ্রেমিক জনগণ অতীতের মতো তাদেরকে প্রতিহত করবে।” 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। 

তাজুল ইসলাম এ সময় দেশের মানুষকে উৎসাহ-উদ্দীপনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করার আহ্বান জানান। তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। 

ইসরায়েলের হামলায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, “যারা আমাদেরকে মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে বিভিন্ন উপদেশ দেয়; তারা নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে ভূমিকা রাখলে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে।” 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। 

এ অনুষ্ঠানের পরে দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জের দুর্গাপুর-খরখরিয়া ৫০ মিটার দীর্ঘ আরসিসি আর্চ গার্ডার ব্রিজের উদ্বোধন করেন। এর আগে সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।