পাবনায় ফেন্সিডিল বহনের দায়ে নারীর যাবজ্জীবন
২০০৩ সালে ৭০ বোতল ফেন্সিডিলসহ আসামি বেলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পাবনা মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) দেওয়ান মজনুল হক জানান।
দণ্ডিত বেলী খাতুন (৫০) রাজশাহীর মতিহার থানার চরশ্যাওড়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে পিপি দেওয়ান মজনুল জানান, বেলী খাতুন একজন মাদক ব্যবসায়ী। ২০০৩ সালে পাবনা সদর থানা এলাকায় ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সদর থানায় পুলিশ মামলা করে। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি বেলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
