মাদারীপুরে সড়কে মুহুরির মৃত্যুর পর মাহিন্দ্রে অগ্নিসংযোগ, অবরোধ
সড়কে আর অবৈধ মাহিন্দ্র চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাহিন্দ্রের চাপায় আদালতের এক আইনজীবী সহকারী (মুহুরি) নিহত হওয়ার পর মাহিন্দ্রটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এ সময় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভুরঘাটা-কালকিনি সড়কে পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলাওল হাসান।
নিহত নেছার উদ্দিন হাওলাদার (৪০) পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মুহুরি নেছারউদ্দিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মাদারীপুর জজ কোর্টের উদ্দেশ্যে রওনা দেন। পথে দক্ষিণ রাজদী গ্রামে আইনজীবী মিজানুরের বাড়িতে যান তিনি।
সেখান থেকে বের হয়ে ভুরঘাটা-কালকিনি সড়কে পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ি পেছন থেকে নেছারউদ্দিনের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় মাহিন্দ্র ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে।
পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এসে সড়ক অবরোধ করে রাখে এবং মাহিন্দ্রটিকে পুড়িয়ে দেয়। এ সময় কালকিনি থানা পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে জনতার ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। লাশ উদ্ধার করা হয়েছে। তবে সড়কে আর অবৈধ মাহিন্দ্র চলতে দেওয়া হবে না।”
নিহতের বড় ভাই আনোয়ার হাওলাদার বলেন, “অবৈধ মাহিন্দ্র চাপায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তাই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে মাহিন্দ্র পুড়িয়ে দিয়েছে। আমরা মাহিন্দ্র চালকের বিচার চাই।”
কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন হোসেন বলেন, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিহতের লাশ উদ্ধার করে কালকিনি হাসপাতালে এনেছি। পরে মাহিন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনি।”
এই বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলাওল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
