কুষ্টিয়ায় নসিমন চাপায় দুই বাইক আরোহী নিহত
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান গুরুতর আহত অপরজন।
কুষ্টিয়ার কুমারখালীতে নসিমনের চাপায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় জানান।
নিহতরা হলেন: চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ঝাঝড়াপুর গ্রামের সামছুল মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৩) এবং একই উপজেলার নাসতিপুর গ্রামের সালাম খাজলীর ছেলে ইকরামুল খাজলী (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি দেবব্রত রায় জানান, ওই দুই যুবক মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল বিপরিত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান গুরুতর আহত অপরজন।
নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
