টাঙ্গাইলে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু
এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট পাঁচ জন।
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট পাঁচ জন।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী হাসান জানান, শনিবার সন্ধ্যায় একজন এবং রোববার ভোরে অপরজনের মৃত্যু হয়।
তারা হলেন জেলার দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার (৩৮) ও দেউলাকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)। তারা দুজনই শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও জানান, বর্তমানে কুমুদিনী হাসপাতালে আরও ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১ জন।
এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুর উপজেলায় ছয় জন, সখীপুর উপজেলায় তিন জন, মির্জাপুর উপজেলায় আট জন, মধুপুর উপজেলা দুই জন, গোপালপুর উপজেলায় তিন জন এবং ধনবাড়ী উপজেলায় সাত জন রয়েছেন বলে জানান সিভিল সার্জন।
