জামালপুরে সার্ভার জটিলতায় জন্ম সনদ পেতে ভোগান্তি
সমস্যা দ্রুত সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান পৌর মেয়র।
সার্ভার জটিলতায় জন্ম নিবন্ধন সনদ পেতে জামালপুরের ইসলামপুর পৌরবাসী ভোগান্তিতে পড়েছেন। ফলে স্কুল-কলেজে ভর্তি, পেনশন, পাসপোর্ট, জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন কাজে অনেকেই জটিলতা পোহাচ্ছেন।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ওই পৌরসভার সামনে সকাল থেকে ভিড় জমিয়েছেন মানুষজন। বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য জন্ম সনদ নিতে তাদের এই ভিড়। সার্ভার জটিলতায় অনেকে মাসের পর মাস ঘুরেও জন্ম সনদ নিতে পারছেন না।
কম্পিউটার অপারেটররা জানান, সার্ভার নেই, সার্ভার এলে পাবেন। কবে আসবে সেই সার্ভার তা বলতে পারছেন না কেউ।
ভুক্তভোগীরা জানান, কম্পিউটারের সামনে বসে নিজেরাও চেষ্টা করেছেন; কিন্তু সার্ভার ডাউন দেখায়।
দীর্ঘদিনেও সংশ্লিষ্ট সমস্যা সমাধানে পৌরসভা কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তুলেছেন তারা।
ওই পৌরসভার কিসামত জাল্লা গ্রামের শিক্ষার্থী মো. রাজ জানান, তার জন্ম সনদে ভুল হয়েছে। সংশোধনের জন্য একমাস ধরে পৌরসভায় ঘুরছেন কিন্তু পাচ্ছেন না।
বোয়ালমারী গ্রামের সফিকুল ইসলাম বলেন, “একমাস ধরে ঘুরেও জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে পারলাম না। পৌরসভায় গেলেই খালি কয় সার্ভার নাই, সার্ভার নাই, এসব শুনতে শুনতে কান ঝালাপালা হয়েছে। সনদ না পাওয়ায় মেয়ে পরীক্ষা দিতে পারছে না।”
পৌরসভার তেঘুরিয়া গ্রামের ইসমাইল হোসেন জানান, গত একমাস ঘুরেও তার বাচ্চার জন্ম নিবন্ধন সনদ নিতে পারেননি। ফলে তার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারছেন না।
ইসলামপুর পৌরসভার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর বিলাশ কুমার দত্ত বলেন, “গত দেড়মাস ধরে সমস্যা। আজকে সারাদিন চেষ্টা করে মাত্র দুইজনকে জন্ম সনদ দিতে পেরেছি।”
সার্ভার জটিলতায় পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করেন ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ।
তিনি বলেন, “আমি নিজেও এই সমস্যায় পড়েছি। মেয়ে ও নাতি অসুস্থ। চিকিৎসার জন্য ভারতে যাব। তাদের জন্ম নিবন্ধন সনদ উঠাতে এক সপ্তাহের উপর সময় লেগেছে। সার্ভার জটিলতার কারণে পৌরবাসী চরম দুর্ভোগে পোহাচ্ছেন।
সমস্যা দ্রুত সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
