বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, হেলপারের মৃত্যু
ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে পুকুর সেচে ওই পরিবহনের ভেতর থেকে হেলপারের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বরিশালের গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় নারী-শিশুসহ ১২ যাত্রী আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার টরকীর বেজগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান।
নিহত আল-আমিন (২৮) বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে। তিনি ওই বাসের চালকের সহকারী (হেলপার) ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি গোলাম রসুল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ওই এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে পড়ে যায় বাসটি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে পুকুর সেচে দুপুরে ওই পরিবহনের ভেতর থেকে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, “বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান শেষ হয়নি। পুকুরের পানি সম্পূর্ণ সেচ করা হয়েছে। কোনো যাত্রী নিখোঁজ রয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি।”
তবুও কাদার মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তার সন্ধান চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
