২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছোরাসহ ৪ যুবক গ্রেপ্তার

পুলিশ জানায়, গ্রেপ্তার ছিনতাইকারীদের দুটি দল আছে; দলের সবাইকে ধরতে অভিযান চলছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 12:16 AM

Updated : 05 Aug 2023, 06:05 PM

ফেনীতে ‘ধারালো ছোরাসহ’ চার যুবক গ্রেপ্তার হয়েছে। যুবকেরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি পুলিশের।

শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।  

এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমির গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হায়াত উল্লাহ জানান।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর জেলার কসবা এলাকার কফিল উদ্দিন (৩০), একই এলাকার মো. সুমন (২০), মো. সেলিম (৩০) ও একই জেলার চন্দ্রগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন (২৮)।

পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের ধাওয়া করে চার যুবককে ছোরাসহ আটক করা হয়।

এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। তারা আগেও চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে জানায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছিনতাইকারীদের দুটি দল আছে। দলের সবাইকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।