১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ডিমের আড়তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার করে মোট ৩৬ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

দাম সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুরে আড়তে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার।

বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয় বলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান। 

তিনি বলেন, ডিমের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স, মোল্লা স্টোর এবং দিশারী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার করে মোট ৩৬ হাজার টাকার জরিমানা করা হয়েছে। 

সোহেল শেখ জানান, “ফার্ম মালিকরা প্রতি পিস ডিম ৯.৪৭ টাকা বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে। সে ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে তাদের বিক্রি করার কথা ১০.৫৭ টাকা।  কিন্তু এসব অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১.৫০ টাকা থেকে ১২ টাকা বিক্রি করছে। যা অপরাধ।”

ভোক্তাদের ন্যায্য মূল্যে ডিম ক্রয় করতে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। 

জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।