১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজাদপুরে হাতুড়িপেটা ও কুপিয়ে যুবককে হত্যা

মাদক কারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের ভাই দাবি করেন।

শাহজাদপুরে হাতুড়িপেটা ও কুপিয়ে যুবককে হত্যা
বিপুল সরকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাশেঁর মাচা তৈরিকে কেন্দ্র করে মাদক কারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে হাতুড়িপেটা ও হাসুয়া দিয়ে কুপিয়ে যুবককে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার রাতে উপজেলা সদরের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি আছলাম আলী। 

নিহত আজমির হোসেন ওরফে বিপুল সরকার (৩৫) ওই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। 

নিহত বিপুলের বড়ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, এলাকার ২৫-৩০ জন ব্যক্তি মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত। এসব ঠেকাতে পাহারা দেওয়ার বিপুল ওই বাঁশের মাচা তৈরির চেষ্টা করছিলেন। মাদক কারবারিরা এতে বাধা দেন। 

এ নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার রাত ৮টার দিকে মাদক কারবারিরা বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তিনি। 

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী শনিবার দুপুরে বলেন, “সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে ঘটনাস্থলে গেলে বিপুলের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা নিয়ে দ্বন্দ্বে কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”