কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
চার্জার খুলে ইজিবাইক বের করার সময় উপরে থাকা বিদ্যুৎতিক তারে জড়িয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাছী গ্রামে এ ঘটনা ঘটে বলে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল জানান।
নিহতরা হলো- ওই গ্রামের ছকিমুদ্দিনের সন্তান তোফায়েল হোসেন (১১) ও সিমা খাতুন (৪)।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান সোহেল বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে তোফায়েল চার্জে দেওয়া একটি ইজিবাইক বের করতে যায়। চার্জার খুলে ইজিবাইকটি বের করার সময় উপরে থাকা বিদ্যুৎতিক তারে লেগে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
এতে ইজিবাইকে থাকা তোফায়েল ও সীমা বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাদের বাবা-মা বাড়িতে ছিলনা। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ।
