২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বেইলি সেতুতে ট্রাক বিকল, যান চলাচল বন্ধ

“সেতুর পাটাতন সরে গিয়ে দুই পাটাতনের মাঝে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। দুদিন আগে একটি ইজিবাইকের চাকা পাটাতনের ফাঁকার মধ্যে চলে গেলে চালক আঘাত পায়।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 03:34 PM

Updated : 22 Apr 2024, 08:02 PM

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কলেজ গেইট সংলগ্ন বেইলি সেতুর ওপর ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার মধ্য রাত থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান।

স্থানীয়রা বলছেন, বেইলি ব্রিজটি গালা ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়ন ও শিবালয়ের আরোয়া ইউনিয়নের একাংশের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ। ব্রিজটি দিয়ে উপজেলার সবচেয়ে বড় হাট ঝিটকা হাটের ক্রেতা বিক্রেতারা মালামাল ক্রয়-বিক্রয়ে যাতায়াত করেন।

পাশেই আরেকটি সেতু থাকলেও কাজ চলায় সেটি এখনও ব্যবহার করা যাচ্ছে না। বেইলি সেতুতে ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ থাকায় ২-৩ কিলোমিটার ঘুরে সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী মেহেদি হাসান শাহিন বলেন, “ব্যবসার কাজে মোটরসাইকেলে ঝিটকা - মানিকগঞ্জ সড়কে যাতায়াত করতে হয়। তখন দেখলাম, সড়কটির কলেজগেট সংলগ্ন সেতুর পাটাতন সরে গিয়ে দুই পাটাতনের মাঝে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে।

“দুদিন আগে একটি ইজিবাইকের চাকা পাটাতনের ফাঁকার মধ্যে চলে গেলে গাড়িটি উল্টে গিয়ে চালক আঘাত পেয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত না করা হলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গতকাল রাতে ওই ক্ষতিগ্রস্ত পাতাটনের কাছে একটি ট্রাক বিকল হয়ে পড়ে গেছে। আমাদের অনেক ঘুরে চলাচল করতে হচ্ছে।”

একটি ওষুধ কোম্পানিতে কর্মরত মানিকগঞ্জ সদরের বাসিন্দা মো. আব্দুর সাত্তার বলেন, “ট্রাকটি রোববার মধ্যরাত থেকে ব্রিজের ওপর আটকে আছে। ফলে এই ব্রিজ দিয়ে কোনো গাড়ি ও পথচারী পারাপার হতে পারছেন না। ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের মাঠ সংলগ্ন ব্রিজ হয়ে ৩-৪ কিলোমিটার পথ ঘুরে সোনাকান্দা টু কলেজ গেইট সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

“এতে যেমন সময় বেশি লাগছে, তেমনি জ্বালানিও বেশি খরচ হচ্ছে আমাদের।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “পাশেই একটি সিমেন্ট দিয়ে তৈরি ব্রিজ হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্রিজটার অধিকাংশ কাজ হয়ে গেলেও সংযোগ সড়ক না হওয়ায় সেটা দিয়েও যাতায়াতের সুযোগ নেই।”

ট্রাকটির মালিক সুজন মিয়া বলেন, “ব্রিজের ওপর ট্রাকটি বিকল হয়ে আছে। মানিকগঞ্জ থেকে ট্রাকের মিস্ত্রি এনে দ্রুতই ট্রাকটি ব্রিজ থেকে সরানোর কাজ শুরু করব।”

সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলছেন, ঝুঁকিপূর্ণ সেতুর পাটাতন দ্রুত সময়ে মেরামত করা হবে। আর ট্রাক বিকলের বিষয়টি দেখার দায়িত্ব আমাদের দপ্তরের বিষয় নয়।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহরিয়ার রহমান বলেন, “যান চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।”

সুজন এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো-ন ১৩-১৪৬৬ নম্বরের ট্রাকটি বিকল হয়ে আছে।