২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ‘তুচ্ছ ঘটনায়’ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ব্যবসায়ীরা বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক এবং শিক্ষার্থীরা নাটোর-পাবনা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বলে জানায় পুলিশ।

নাটোরে ‘তুচ্ছ ঘটনায়’ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নাটোরের বড়াইগ্রামে স্কুলের সামনে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 06:25 PM

Updated : 18 Jun 2023, 06:25 PM

নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি সড়ক অবরোধের কথা জানিয়েছে পুলিশ। এতে সড়কের দুই পাশে আটকেপড়া যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক এবং নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার অবরোধ করে রাখা হয় বলে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান।

স্থানীয়দের বরাতে ওসি আবু সিদ্দিক বলেন, “শনিবার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে একটি দোকানে কয়েকজন ছাত্র চা খেতে যায়। এ সময় নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। চা দোকানি রনি তাদের বাধা দিলে এক শিক্ষার্থী রনিকে মারধর করে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা দেখা হয়।

“বিষয়টি সমাধানে বনপাড়া পৌরসভায় সালিশ বৈঠকের প্রস্তুতির সময় উভয়পক্ষ আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে স্কুলের সামনে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।”

পাল্টা কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা তাদের এলাকার লোকজন নিয়ে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বলে জানান ওসি।

তিনি আরও জানান, খবর পেয়ে বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন শিক্ষার্থীদের পক্ষে অবরোধে অংশ নেন। এ সময় মেয়র সন্ধ্যার আগেই অপরাধীদের আইনের আওতায় আনার আলটিমেটাম দেন।

পরে পুলিশের অনুরোধে উভয়পক্ষ দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।