২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বাদী হয়ে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 04:06 PM

Updated : 05 Mar 2024, 04:06 PM

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

উপকমিশনার বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউজে এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত।

মামলার এজাহার থেকে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী জারি করা হয়। পরে তিনি ২০২০ সালে ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকরা সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেন।

মামলার বাদী গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর বলেন. সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী চিকিৎসক জান্নাতুল ফেরদৌসের নামে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ১৩ লাখ এক হাজার ৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় অনুসন্ধানকারী কর্মকর্তা।

ওই সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে আরেকটি মামলা করা হয় বলে জানান তিনি।