২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের পর্যটনে ‘নতুন মাত্রা’

উঁচু-নিচু সবুজ টিলা-পাহাড় ও তিনটি কৃত্রিম লেক নিয়ে ১৬০ একর আয়তনের পার্কটি পার্বত্য চট্টগ্রামে বড় পরিসরে অ্যাডভেঞ্চার নির্ভর প্রথম পার্ক বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পাহাড়ের পর্যটনে ‘নতুন মাত্রা’

খাগড়াছড়ির মানিকছড়িতে ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্কে ট্রি টপ ওয়াকিং করছেন পর্যটক।

সমির মল্লিক সমির মল্লিক

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 11:58 AM

Updated : 28 Nov 2023, 11:58 AM

দেশের দীর্ঘতম জিপ লাইনে চড়ে উপভোগ করা যাবে সবুজ পাহাড় ও লেকের মনোরম দৃশ্য। সবচেয়ে উঁচু ক্লাইম্বিং ওয়াল আর ট্রি টপ ওয়াকিংয়ে নেওয়া যাবে অ্যাডভেঞ্চারের স্বাদ। আবার ক্যাম্পিংয়ে অনুভব করা যাবে প্রকৃতির গভীর সৌর্ন্দয।

পর্যটকদের জন্য এমন সব সুযোগ নিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক গড়ে তুলেছে উপজেলা প্রশাসন, যা পাহাড়ের পর্যটনে যুক্ত করেছে নতুন মাত্রা।

উঁচু-নিচু সবুজ টিলা-পাহাড় ও তিনটি কৃত্রিম লেক নিয়ে ১৬০ একর আয়তনের পার্কটি পার্বত্য চট্টগ্রামে বড় পরিসরে অ্যাডভেঞ্চার নির্ভর প্রথম পার্ক বলে জানিয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন।

প্রকৃতি দর্শনের পাশাপাশি বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইডে অংশ নিতে পারায় এর মধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। 

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা তরুণ পর্যটক ফাহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানকার ভিন্নতা হল একসাথে এত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ দেশের অন্য কোথাও নেই। এখানে অনেক থ্রিল পাওয়া গেছে।

Image

জিপ লাইনে এক পর্যটক।

“আমরা জিপলাইন, হাইকিং, ওয়াল হাইকিং করেছি। খুবই এনজয় করেছি। এছাড়া ক্যাম্পিং করার জন্য তাঁবুও রয়েছে।”

ইয়াসির আযম নামে আরেক পর্যটক বলেন, “এখানে ইকো ট্যুরিজম পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে। প্রকৃতিকে অক্ষুণ্ন এত সুন্দর একটি পার্ক গড়ে তোলা হয়েছে। সত্যিই মুগ্ধ করার মত।

“প্রকৃতিকে কাজে লাগিয়ে এখানে পর্যটনের বিকাশ হয়েছে। এছাড়া অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

পর্যটক তানিম ইবনে ইউসুফ ও আজগর বলেন, এখানে প্রকৃতিকে অক্ষত রাখা হয়েছে। শহরের অদূরে এসে প্রকৃতির সঙ্গে থাকার যে অনুভূতি সেটা এখানে পেয়েছেন।

“পুরো পার্কটি প্রকৃতিবান্ধব। বিশেষ করে তরুণ পর্যটকদের কাছে পার্কটি নতুন গন্তব্য হয়ে উঠবে। আমরা ক্যাম্পিং করেছি তাঁবুতে। দারুণ অভিজ্ঞতা।

“এছাড়া ভিন্নধর্মী অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজেও অংশ নিয়েছি। বেশ দারুণ অভিজ্ঞতা। জিপলাইন, জায়ান্ট সুইং, ট্রি টপ অ্যাক্টিভিটিজে অংশ নিয়েছি। খুব ভালো লেগেছে।”

ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্কের অপারেশন হেড এবং ওয়াইল্ডারনেস বিডির প্রতিষ্ঠাতা সাদাব ইয়াসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে এত সুন্দর ভিউ নিয়ে জিপলাইন কোথাও নেই।”

তিনি জানান, লেকে কায়াকিং রয়েছে। সঙ্গে ট্র্যাডিশনাল বাঁশের ভেলাও রয়েছে। ওয়াটার জিপলাইন এর পাশাপাশি ক্লাইম্বিং ওয়ালের চ্যালেঞ্জও রয়েছে। এছাড়া ট্রি টপ ওয়াকিং রয়েছে।

“পার্কে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজের মধ্যে রয়েছে সাইক্লিং, মাউন্টেইন বাইকিং, হাইকিং। ডিসি পার্কের পুরো সীমানাজুড়ে একটা হাইকিং ট্রেইল হচ্ছে। পর্যটকরা এখানকার সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ এনজয় করতে পারেন,” বলেন ইয়াসির।

Image

রয়েছে নিরাপদ পরিবেশে ক্যাম্পিংয়ের ব্যবস্থা।

তিনি বলেন, প্রতিটি অ্যাডভেঞ্চার রাইডের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন রাইডের অংশগ্রহণকারীদের জন্য গাইডের ব্যবস্থা রাখা হয়েছে। হেলমেটসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ক্যাম্পিং ট্যুরে তাঁবু বাসের জন্য রয়েছে ৮৫০ টাকার প্যাকেজ। তিন বেলা খাবারও এর অর্ন্তভুক্ত। এছাড়া সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজের প্যাকেজ ৮০০ টাকা।

মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী বলেন, “এটা যেহেতু বনে ঘেরা টিলা ও লেকবেষ্টিত, তাই এখানে একটা ওয়াচ টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে। বেড়াতে আসা পর্যটকদের রাত্রি যাপনের জন্য ক্যাম্পিং এর পাশাপাশি বেসরকারি উদ্যোগে রিসোর্টও নির্মাণ করা হবে। এটি অনেক বড় একটি পার্ক।

“এই মুহূর্তে একটা ডিজিটাল সার্ভে করে মাস্টার প্ল্যান করা দরকার। অবকাঠামো নির্মাণে প্রচুর অর্থায়ন প্রয়োজন হয়। এক্ষেত্রে পর্যটন মন্ত্রণালয়, উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদের কাছে আর্থিক সহায়তা চাইব।”

Image

লেকে কায়াকিং রয়েছে। সঙ্গে ট্র্যাডিশনাল বাঁশের ভেলাও রয়েছে।

পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “মাউন্টেইন বাইকিং, সুইমিং, জঙ্গল ট্র্যাকিংসহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই শীতে একটা ক্যাম্পিং ট্যুর এবং প্রতিযোগিতারও আয়োজন করতে চাই।”

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “এখানে অবশ্যই নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি এখানে মানিকছড়ি থানা পুলিশ নিরাপত্তা দেবে। পর্যটকরা মুগ্ধ হয়ে এখানকার মনোরম প্রকৃতি উপভোগ করতে পারবেন।”

পুরো জেলায় পর্যটনকে বিস্তৃত করার লক্ষ্যে এমন প্রকৃতিবান্ধব পর্যটন গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে জনজীবনের যাতে একটা গতি আসে, সে লক্ষ্যে পর্যটন কেন্দ্র বিকশিত করা হচ্ছে। সেই লক্ষ্যে সকলের সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন পর্যটনের উন্নয়ন করছে। ইতোমধ্যে আলুটিলা দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

“তারাই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের যে বৈশিষ্ট্য রয়েছে, তাকে অক্ষুণ্ন রেখে মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে। পার্কটিতে ১০০ প্রজাতির ৩০ হাজার গাছ লাগানো হয়েছে। ১৬০ পার্কের ৫১ একর টিলা ভূমি অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হচ্ছে।”

এখানে আসা পর্যটকরা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে বলে জানান জেলা প্রশাসক।