গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের সদর উপজেলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিভেন্সী গ্রুপের জাহিন রিসাইক্লিং (প্লান্ট) কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে প্রথমে রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন ও জয়দেপুর ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট গিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মামুন।
