২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পৌর নির্বাচনের সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কক্সবাজার পৌর নির্বাচনের সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

রোববার সন্ধ্যার মধ্যেই কক্সবাজারের কেন্দ্রগুলোয় পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 10:49 PM

Updated : 11 Jun 2023, 10:49 PM

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সবকটি ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। 

এই নির্বাচনে ১২টি ওয়ার্ডের ৪৩টি কেন্দ্রের প্রতিটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, রোববার সন্ধ্যার আগেই সব কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ৪৩টি কেন্দ্রের প্রতিটিতে চারজন পুলিশসহ পুরুষ ও নারী আনসার বাহিনীর ১৩ সদস্য, ১২টি ওয়ার্ডে পুলিশের ১২টি টহল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ ৭৯০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। 

পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১২টি পেট্রোল টিম এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। 

ভোট সুষ্ঠু করতে প্রত্যেকটি কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। 

নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মাহবুবুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারকেল গাছ মার্কার মাসেদুল হক রাশেদ।

 এ ছাড়া তিনজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন জগদীশ বড়ুয়া (হেলমেট), জোছনা হক (মোবাইল ফোন) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা)।  

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৮ জনও ভোটের মাঠে রয়েছেন। 

কক্সবাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬ জন। 

আরো পড়ুন:

পুরনো খবর:

কক্সবাজার পৌর ভোট: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে পুলিশকে নির্দেশ
কক্সবাজারে এবার বহিষ্কৃত আওয়ামী পরিবারের সন্তান সোহেল
আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা, কক্সবাজারে ইসি আহসান হাবিব