২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে এবার বহিষ্কৃত আওয়ামী পরিবারের সন্তান সোহেল

জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে না পারার অভিযোগে একই চিঠিতে সভাপতি ও সাধারণ সম্পাদকবিশিষ্ট যুবলীগ কমিটি বিলুপ্তও ঘোষণা করা হয়েছে।

কক্সবাজারে এবার বহিষ্কৃত আওয়ামী পরিবারের সন্তান সোহেল

শহিদুল হক সোহেল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 12:20 AM

Updated : 09 Jun 2023, 12:36 AM

কক্সবাজারের এক আওয়ামী পরিবারের তিন সন্তানের পর এবার চতুর্থজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ, যার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। 

সর্বশেষ বহিষ্কৃত শহিদুল হক সোহেল কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। 

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়া সম্মেলন ও কাউন্সিলের ৫ বছরের বেশি সময় পরও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে না পারায় একই চিঠিতে সভাপতি ও সাধারণ সম্পাদকবিশিষ্ট কমিটি বিলুপ্তও ঘোষণা করা হয়। 

এর আগে সোহেলের তিন ভাই মাসেদুল হক রাশেদ, শাহিনুল হক মার্শাল ও কায়সারুল হক জুয়েলকে বহিষ্কার করা হয়। 

ভাইদের এসব ঘটনার পর তাদের বোন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তাহমিনা চৌধুরী লুনা পদত্যাগ করেছেন। 

তাদের বাবা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হক ছিলেন বঙ্গবন্ধুর সময়ের নেতা এবং দীর্ঘদিনের কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কক্সবাজার পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০০৫ সালের ১০ মে তিনি মারা যান।

কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃংখলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব স্তর থেকে বহিষ্কার করা হয়েছে। একই পত্রে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন না নেওয়ায় জেলা যুবলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হলো।” 

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, “শহিদুল হক সোহেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি গঠনতন্ত্রের ২২(ক) ধারা লঙ্ঘন করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এবং বহিষ্কৃত নেতার পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে অভিযোগের প্রমাণ হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।” 

কমিটি বিলুপ্তির ব্যাপারে জেলা যুবলীগের সাবেক নেতা ও কক্সবাজার পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখার চৌধুরী জানান, কেন্দ্রীয় কমিটির পাঠানো চিঠিটি তিনি দেখেছেন। 

তিনি বলেন, “২০১৮ সালের ২৯ মার্চ কক্সবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সোহেল আহমেদ বাহাদুরকে সভাপতি এবং শহিদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি বরাবরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন।”

আগামী ১২ জুন কক্সবাজারে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসেদুল হক রাশেদ। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় এরই মধ্যে তাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। 

রাশেদের ছোট ভাই কক্সবাজার সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। তিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং দীর্ঘদিনের জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। 

ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরেক ভাই শাহিনুল হক মার্শাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সেসময় তিনি বহিষ্কৃত হন। 

সবশেষ তাদের আরেক ভাই শাহিদুল হক সোহেলকে বহিষ্কার করা হল।