২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দফা দাবিতে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

পুলিশ জানায়, আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করতে না পারে তাই নগরীতে আইন শৃংখলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 02:01 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ এবং ছাত্রসমাজের ৯ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নগরীর জিরোপয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 

বিক্ষোভ সমাবেশে আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করেন। 

শিক্ষার্থীরা জানান, গণহত্যার বিচারসহ সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকরাও সমাবেশে অংশগ্রহণ করেন। 

এ সময় সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল ইসলাম, রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে সকাল ১১টায় শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ বেলা ১২টা পর্যন্ত চলে। পরে শিক্ষার্থীরা একটি মিছিল করে টাউন হল মোড়ে গিয়ে সমাবেশ শেষ করেন। 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে আন্দোলন করবে, সেটা সবাই সমর্থন করে। 

তবে কেউ যেন তাদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করতে না পারে, সে জন্য নগরীতে আইন শৃংখলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।