২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ১২

সংঘর্ষের সময় এক পক্ষের লোকজন গুলিবর্ষণ করে বলে অপর পক্ষের অভিযোগ।

জামালপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ১২

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 12:05 AM

Updated : 16 Dec 2022, 12:28 AM

জামালপুরের সরিষাবাড়ীতে বিলের মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার যমুনা সার কারখানার গেটপাড়ে এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান।

স্থানীয়রা জানান, সার কারখানার ব্যবসা-বাণিজ্য ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রুপ এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আছে।

বৃহস্পতিবার যমুনা সার কারখানার পাশে খুটামারা বিলে রফিকের লোকজন মাছ ধরতে যায়। চেয়ারম্যান মানিকের লোকজন এতে বাধা দিলে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশের এসআই আব্দুল মালেক (৪০), কনস্টেবল নজরুল ইসলাম (৫৭), মাজহারুল ইসলাম (৩২) আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত তিন পুলিশ সদস্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে ওসি মহব্বত কবীর জানান।

এদিকে, আশরাফুল আলম মানিক অভিযোগ করেন, “খুটামারা বিলে গ্রামবাসী মাছ চাষ করেছে। আজ রফিকের লোকজন সেই বিলের জোর করে মাছ ধরতে যায়। তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের সময় রফিকের লোকজন ফাঁকা গুলি বর্ষণ করে।”

মানিকের দাবি, তার পক্ষের চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে হাফিজুর (৩৫), বাচ্চু (৩৫), মোস্তাক (৪৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া আহত মোতালেব (২৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “কোনো কারণ ছাড়াই আমার দুজন কর্মীর বাড়িতে হামলা চালায় মানিক চেয়ারম্যানের লোকজন। এ ছাড়া আমার বাণিজ্যিক কার্যালয়ের ম্যানেজার শাহ আলমকেও মারধর করা হয়।”

তার পক্ষের ফজলুল হক বাবু (৩২), রোকন (৩০) রিপন (২৮), খালেদা (৬০), রাবেয়া (১৮) আহত হওয়ার কথা জানা গেলেও তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন বা নিয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি মুহাম্মদ মহব্বত কবীর।