২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বন্দ্ব নিরসন, কুষ্টিয়ায় মঙ্গলবার থেকে চলবে বাস

মঙ্গলবার সকাল থেকে দুই জেলার মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানায় মালিক-শ্রমিকরা।

দ্বন্দ্ব নিরসন, কুষ্টিয়ায় মঙ্গলবার থেকে চলবে বাস

কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আজও ছাড়েনি কোনো বাস।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 05:46 PM

Updated : 10 Apr 2023, 05:46 PM

অবশেষে ধর্মঘটের চতুর্থ দিনে এসে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব নিরসন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চলবে বাস। 

সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসন এবং মালিক-শ্রমিকদের যৌথ বৈঠকে ধর্মঘট প্রতাহারের ঘোষণা দেওয়া হয়। 

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, “কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সঙ্গে কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক-শ্রমিক নেতাদের এক বৈঠক থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। 

“বৈঠকে শ্রমিকদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং রুট পারমিটের ক্ষেত্রে উভয়পক্ষের সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।” 

উভয় পক্ষ থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ দাবি পর্যায়ক্রমে পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আক্তার হোসেন জানান। 

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “দুই জেলার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে উভয় পক্ষের বক্তব্য ও দাবি গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। 

“পরে সবার মতামতের ভিত্তিতে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুই জেলার মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে।” 

কুষ্টিয়ার বাস শ্রমিকদের ওপর ঝিনাইদহের শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগের জেরে শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। 

কুষ্টিয়া থেকে গুরুত্বপূর্ণ এই দুটি পথে বাস চলাচল বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। 

বাস না থাকায় সোমবার দুপুরে প্রচণ্ড খরতাপের মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় ঠাসাঠাসি করে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় আসেন আব্দুর রউফ নামের এক যাত্রী। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিনদিন ধরে কষ্ট ও ভোগান্তি মাথায় নিয়ে যাতায়াত করছিলাম। তবে ধর্মঘটের সুরাহার কথা শুনে ভালো লাগছে। 

“তবে একদিন শরীর মন ও পকেটের উপর যে ধকল গেল তা কুলিয়ে উঠতে বেশ বেগ পেতে হবে।” 

আরও পড়ুন:

পুরনো খবর:

ধর্মঘটের তৃতীয় দিনেও মিটেনি মালিক-শ্রমিকের দ্বন্দ্ব, কুষ্টিয়ায় ভোগান্তি
মিটেনি ২ জেলার মালিক-শ্রমিক দ্বন্দ্ব: কুষ্টিয়ায় যাত্রীদের ভোগান্তি দ্বিতীয় দিনে
কুষ্টিয়ায় বাস ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি