২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম

প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথের জন্য করে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুইজন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

বরিশালে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম

বরিশালে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 06:19 PM

Updated : 11 Jun 2023, 06:19 PM

বরিশালের ভোটকেন্দ্রগুলোয় পৌঁছেছে সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী। 

রোববার বিকেল ৪টার মধ্যে মোট ১২৬টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন।

এর আগে বেলা ১১টা থেকে এসব সরঞ্জাম কেন্দ্র অনুযায়ী বিতরণ শুরু হয়। 

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোট নেওয়া হবে। এ জন্য প্রতিটি বুথের দেড় গুণ পরিমাণ ইভিএম বরাদ্দ করা হয়েছে। সকালে ইভিএম মেশিনসহ সব মালামাল বুঝে নেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নিজ নিজ কেন্দ্রে চলে যান তারা।”

প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথের জন্য করে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুইজন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। 

মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তা ভোটকেন্দ্রে অবস্থান করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন যেন সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু করা যায়।

ভোট শেষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ হবে। 

এই নগরীর ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ‘ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়া হবে।

এবার সিটি নির্বাচনে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। 

আরো পড়ুন:

পুরনো খবর:

খুলনা-বরিশালে প্রচার শেষে ভোটের অপেক্ষা
এক নজরে বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
বরিশালের মানুষের সঙ্গে ‘অন্যায় আচরণ’ না করার অনুরোধ জাপার তাপসের
সবকিছু চমৎকার, দলমত নির্বিশেষে ভোট পাব: খোকন সেরনিয়াবাত