২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মানুষের সঙ্গে ‘অন্যায় আচরণ’ না করার অনুরোধ জাপার তাপসের

“আমরা সিইসিকে বলছি- আপনারা ওখান থেকে দেখবেন, প্রয়োজনে ভোট বন্ধ করে দেবেন। আমার কোনো আপত্তি নেই।”

বরিশালের মানুষের সঙ্গে ‘অন্যায় আচরণ’ না করার অনুরোধ জাপার তাপসের

বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 01:25 PM

Updated : 11 Jun 2023, 01:36 PM

বরিশালের মানুষ ‘যোগ্য ব্যক্তি’কে ভোট দিতে চায়, তাদের সঙ্গে কোনো ‘অন্যায় আচরণ’ না করতে সরকার, প্রধান নির্বাচন কমিশনার, আওয়ামী লীগ ও নিজ দলের কাছে অনুরোধ জানিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। 

রোববার সকাল ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান তিনি। 

প্রকৌশলী তাপস বলেন, “নগরবাসী একজন যোগ্য মানুষকে বসাতে চায়, যোগ্য মানুষকে ভোট দিতে চায়। মানুষ আমাকে ধরে কান্নাকাটি করেছে- ভাই ভোটটা কি দিতে পারবো না?”

“তাই আমি সরকারের কাছে, আওয়ামী লীগের কাছে, আমার দলের কাছে, সিইসির কাছে অনুরোধ করছি তারা যেন বরিশালের মানুষের সঙ্গে অন্যায় আচরণ না করেন।” 

সোমবার সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা সিইসিকে বলছি- আপনারা ওখান থেকে দেখবেন, প্রয়োজনে ভোট বন্ধ করে দেবেন। আমার কোনো আপত্তি নেই।” 

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার দলীয় সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের রোববারের মধ্যে বরিশাল নগরী ছাড়তে আহ্বান জানান লাঙ্গল প্রতীকের এ মেয়র প্রার্থী। 

২০১৮ সালের মতো ভোট হলে বরিশালে আওয়ামী লীগের জনপ্রিয়তা শুন্যের কোঠায় পৌছে যাবে মন্তব্য করে তিনি বলেন, “একটি সিটি কর্পোরেশন যদি হাত থেকে ছুটে যায় তাহলে কি সরকার পতন হয়ে যাবে?” 

এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যত বাধা-বিঘ্ন আসুক আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট দেওয়ার চেষ্টা করবেন। বাধা আসলে প্রতিবাদ করবেন।” 

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন জানিয়ে তাপস ভোটারদের বলেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। সরকার যদি অন্যায় আচরণ করে তাহলে রাজপথে প্রতিবাদ করবো।” 

এ ছাড়াও সংবাদ সম্মেলনে তিনি সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে কালোটাকা ছাড়ানো, বহিরাগতদের নিয়ে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করার অভিযোগও এনেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচনের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। 

সোমবার বরিশাল সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন। 

নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরও পড়ুন

এক নজরে বরিশাল-খুলনা সিটি নির্বাচন 
বরিশালে ‘ভোট বাগাতে’ টাকা ছড়ানোর অভিযোগ ফয়জুলেরও 
টাকা নেন, কিন্তু ভোট দিয়েন না: বরিশালে জাপা প্রার্থী 
বহিরাগতদের বরিশাল নগরী ছাড়তে মাইকিং