বহিরাগতদের বরিশাল নগরী ছাড়তে মাইকিং
“এ ছাড়া যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।“
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বহিরাগতদের নগরী ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে প্রধান প্রধান সড়কে মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আশরাফ আলী ভূঞা।
সোমবার দিনভর বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। শনিবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রচার।
উপ-কমিশনার আশরাফ বলেন, বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল ভোটারদের আগ্নেয়াস্ত্র রয়েছে তারা সেই অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না।
“এ ছাড়া যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। পায়ে চালিত রিকশা ও ছোট নৌযান বাদে সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। তবে নির্বাচন কমিশন থেকে অনুমোদনকৃত যানবাহন চলাচল করতে পারবে।
“১০টি গাড়িতে মাইকিং করা হচ্ছে। হোটেল মালিকদের বলা হয়েছে, খুব জরুরি কাজে কেউ নগরীতে এলে নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা রেখে হোটেল বুকিং দিতে। এর বাইরে কেউ নগরীতে অবস্থান করতে পারবেন না।
উপ-কমিশনার আশরাফ আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। নগরীতে বহিরাগত প্রবেশ ঠেকানোসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। এর বাইরে নগরীতে ২০টি টহল টিম কাজ করছে।”
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচনের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত ৩০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এ ছাড়া বিজিবির ১০টি দলের সঙ্গে ১০ জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। যদি কোথাও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন ১০ বিচারিক হাকিম।
৫৮ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
তারা সাত জন মেয়র প্রার্থীর মধ্যে একজন, ১১৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে থেকে ৩০ জন ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে থেকে ১০ জন নির্বাচিত করতে ভোট দেবেন।
