২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবকিছু চমৎকার, দলমত নির্বিশেষে ভোট পাব: খোকন সেরনিয়াবাত

“আমাকে ভোট দিতে পারলে নগরবাসী সেবা পাবেন এটা সবার বিশ্বাস।”

সবকিছু চমৎকার, দলমত নির্বিশেষে ভোট পাব: খোকন সেরনিয়াবাত

বরিশাল নগরীর সদর রোডে দলীয় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 05:18 PM

Updated : 11 Jun 2023, 05:18 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের একদিন আগে ফের নগরবাসীর উন্নয়নের নিশ্চয়তা দিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

তিনি বলেছেন, “সবকিছু ম্যান টু ম্যান ভেরি করে। বিজয়ী হলে বরিশালের উন্নয়ন করার নিশ্চয়তা আমি দিয়েছি; যার কারণে জনগণ আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।”

রোববার দুপুরে নগরীর সদর রোডে দলীয় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমর্থকদের ভোটও নিজের পক্ষে আসবে জানিয়ে খোকন সেরনিয়াবাত বলেন, “আমাকে ভোট দিতে পারলে নগরবাসী সেবা পাবেন এটা সবার বিশ্বাস। তাই দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ আমাকে ভোট দেবেন।”

প্রতিপক্ষ প্রার্থীদের নানা অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী বলেন, “যেহেতু আমি আওয়ামী লীগের প্রার্থী, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে। কিন্তু আমার দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক ও চমৎকার পরিবেশে রয়েছে। এখানে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না।

পুরনো খবর:

এক নজরে বরিশাল ও খুলনা সিটি নির্বাচন

“অভিযোগের পাল্টা জবাব দিতে চাই না। তবে আমি বলব নির্বাচনের পরিবেশ ভালো আছে। ইনশাআল্লাহ এখানে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।”

ভোটের আগে ‘নগরীর বস্তি এলাকায় অর্থ বিতরণ’ করা হচ্ছে জাতীয় পার্টির প্রার্থীর এমন অভিযোগকে অস্বীকার করেছেন খোকন সেরনিয়াবাত।

ভোটের দিন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত থাকবেন কি না জানতে চাইলে, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি খোকন সেরনিয়াবাত।

সংবাদ সম্মেলন নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।