বিএনপির সমাবেশ: ‘ব্যানার, ফেস্টুনের নগরী’ সিলেট
১৯ নভেম্বর নগরীর চৌহাট্টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সিলেট নগরী।
আগামী ১৯ নভেম্বর নগরীর চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।
রোববার দুপুরে সরেজমিনে নগরীর সুবিদবাজার, আম্বরখানা, রিকাবিবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকা পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে যেন মোড়ানো। সেই সঙ্গে নগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে।
ইতোমধ্যে সমাবেশস্থল চৌহাট্টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে। বাঁশ ও কাঠ দিয়ে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ প্রায় শেষ। মাঠের চারপাশে দেওয়া হয়েছে বাঁশের বেড়া।
সমাবেশস্থলের আশপাশ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সয়লাব হয়ে আছে। সমাবেশের প্রচারে নগরীতে মাইকিং চলছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট বিভাগের চার জেলা, পৌরসভা ও উপজেলাগুলোতে নিয়মিত গণসংযোগ, পথসভা, প্রচারপত্র বিতরণ ও প্রচার মিছিল চলছে।
বিভাগীয় এই গণসমাবেশে সিলেট বিভাগের বিপুল মানুষের সমাগম ঘটাতে বিএনপির নেতা-কর্মীরা কাজ করছেন জানিয়ে তিনি বলেন, এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন টাঙানো হয়েছে।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলে ছয়টি কমিটি গঠন করা হয়েছে কাইয়ুম চৌধুরী জানান।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ কয়েকটি দাবিতে বিএনপি দশটি সাংগঠনিক বিভাগে গণসমাবেশ করছে।
ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিএনপির ছয়টি সাংগঠনিক বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:
