১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার ঝুলাল নিষিদ্ধ ছাত্রলীগ, পুড়িয়ে ফেলল পুলিশ

গাইবান্ধায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছয় থেকে সাত যুবক দুটি মোটরসাইকেলে স্বাধীনতা চত্বরের এসে ব্যানারটি টাঙিয়ে দিয়ে চলে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:04 PM

Updated : 19 Nov 2026, 07:05 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বাধীনতা চত্বরের মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ; যা পরে নামিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ।

ব্যানার টাঙানোর সময় সংগঠনটির নেতাকর্মীরা মিছিলও করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি মোটরসাইকেলে ছয় থেকে সাত যুবক স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে সেখানে তারা ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।

এরপর মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। হঠাৎ এমন ঘটনায় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। মাথায় হেলমেট ও মুখে মাস্ক থাকায় ওই যুবকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানারটি মূল ফটকে টাঙিয়ে দেন। পরে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ছাত্রলীগের মূলনীতি শিক্ষা-শান্তি-প্রগতি, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’সহ বিভিন্ন স্লোগান দেন।

ওসি সেলিম রেজা বলেন, “বুধবার রাত জেগে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছে পুলিশ। সকালে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। এ সময় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ফেলা হয়।”

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পরিচয় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।