যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়, ‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, রাত ১০টার দিকে আলামত থানায় আনা হয়েছে।
নরসিংদী সদর উপজেলায় এক যুবদল নেতার বাড়ির ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটও পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর বনাইদ গ্রামের বাড়িতে এসব জিনিস পাওয়া গেছে বলে উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন জানান।
মোবারক হোসেন (৫০) বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, রাত ১০টার দিকে আলামত থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুবদল নেতা মোবারক হোসেন বলেন, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে দ্রুত তিনি বাড়িতে আসেন।
তিনি দাবি করেন, চিরকুটে তাকে গালাগালি করা হয়েছে। পাশাপাশি ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে।
থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে মোবারক হোসেন বলেন, “ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না।”
আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, “কে বা কারা যেন চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
