২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট- ৩: নৌকার কর্মীদের পেটাল স্বতন্ত্রর সমর্থকরা

আহত চার কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 03:44 PM

Updated : 27 Dec 2023, 03:44 PM

বাগেরহাট-৩ আসনের নৌকার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ।

এ ঘটনায় আহত নৌকার চার কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার চায়না মার্কেটের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে বলে বাগেরহাটের (মোংলা ও রামপাল) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান।

আহতরা হলেন- ইলিয়াছ হাওলাদার (৩৮), দুলাল জোমাদ্দার (৩৪), মনিরুল খাঁন (৩৬) ও আলতাফ হাওলাদার (৪০)।

মোংলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার চায়না মার্কেটের চায়ের দোকানে বসা ছিলেন নৌকা প্রতীকের কর্মীরা। এ সময় ঈগল প্রতীকের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসে দোকানে বসে থাকা নৌকা প্রতীকের কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে নৌকার চারজন কর্মী আহত হন।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, নৌকা প্রার্থীর সমর্থকদের উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ ইদ্রিস আলীর সমর্থকেরা। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।