নাটোরে ৪১৭ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৪
প্রয়োজনীয় পরিমাণ নমুনা রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক কাজের জন্য পাঠিয়ে বাকি চোলাই মদ আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে ৪১৭ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করা হয়েছে। যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপি বড়াইগ্রামের পাড়বর্নি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার জানিয়েছেন।
আটকরা হলেন- ওই এলাকার পিন্টু রিবারু (৬০), দীপ রিবারু (১৯), স্টেফান রোজারিও এবং ইশাহাক রোজারিও।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্জয় কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বহিরাগত মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছে বলে স্বীকার করছে।
জব্দকৃত চোলাই মদ থেকে প্রয়োজনীয় পরিমাণ নমুনা রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক কাজের জন্য পাঠিয়ে বাকি চোলাই মদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
