২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মাদক মামলায় দুই যুবককে ১০ বছরের জেল

২০১৮ সালের জানুয়ারির শেষ দিকে এক হাজার ইয়াবাসহ সাদ্দাম ও শরিফুলকে আটক করে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 02:28 PM

Updated : 08 Aug 2023, 02:28 PM

পাবনা সদরে মাদক মামলায় দুই যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) দেওয়ান মজনুন হক জানান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে মো. শরিফুল (২০)। গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে ছিলেন।

মামলার বরাতে পিপি মজনুন জানান, ২০১৮ সালের জানুয়ারির শেষ দিকে গোপন খবর পেয়ে গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ায় অভিযান চালিয়ে সাদ্দাম ও শরিফুলকে আটক করে পুলিশ। 

সে সময় তাদের শরীর তল্লাশি করে সাদ্দামের কাছ থেকে ৬০০টি ও শরিফুলের থেকে ৪০০টি ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান তিনি। 

এ ঘটনায় পাবনা সদর থানার এসআই মো. জহুরুল ইসলাম তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

সাক্ষ্যগ্রহণ শেষে দুই যুবককে ১০ বছর সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।