২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ : শোকজের জবাব দিলেন নাঈমুজ্জামান ভূঁইয়া

“আদালত যে কারণে আমাকে ডেকেছিলো, তার জবাব দিয়েছি। এ থেকে প্রমাণিত হচ্ছে জবাবদিহিতার বাইরে কেউ নন।”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 06:59 PM

Updated : 06 Dec 2023, 08:02 PM

পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে।

মঙ্গলবার নাঈমুজ্জামানের প্রার্থীর এক সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হাড় ভেঙে দেওয়ার হুমকি দিলে এতে আচরণবিধি লঙ্ঘন হওয়ার অভিযোগ এনে নাঈমুজ্জামানকে কারণ দর্শাও নোটিস দিয়েছিলেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন।

বুধবার দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে শোকজের লিখিত জবাব দেন নাঈমুজ্জামান।

গত ২ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার মানিমাছপুকুরী বাজারে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক বক্তব্যে নৌকা মার্কা প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করলে তাদের হাড় ভেঙে দেওয়ার নির্দেশ দেন।

তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি। তারই প্রেক্ষিতে অভিযোগের জবাব দেন নাঈমুজ্জামান।

নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয় থেকে বেরিয়ে তিনি বলেন,“সেটি আমার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। ঘরোয়া একটি বৈঠকে আমাদের সাংগঠনিক সম্পাদক বলে ফেলেছে। যদিও আমার কাছে এ বক্তব্য গ্রহণযোগ্য না। তাৎক্ষণিক আমাদের সেই নেতাকে তিরষ্কার করে ভবিষ্যতের জন্য সতর্ক করেছি।

“আদালত যে কারণে আমাকে ডেকেছিলো, তার জবাব দিয়েছি। এ থেকে প্রমাণিত হচ্ছে জবাবদিহিতার বাইরে কেউ নন।”