সিলেটে যুক্তরাজ্য ফেরত নারীকে হত্যা: একমাত্র আসামির মৃত্যুদণ্ড
আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করে।
সিলেটের ওসমানীনগর উপজেলায় যুক্তরাজ্য ফেরত নারীকে হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক জজ মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন জানিয়েছেন আদালতের পিপি আব্দুল মজিদ খান মানিক।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ওসমানীনগর উপজেলার নগরীকাপন গ্রামের মৃত আব্দুল কাছিমের ছেলে আব্দুল জলিল প্রকাশ কালু (৩৯)।
রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মামলায় ২১ সাক্ষির মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ঘটনার এক বছর আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন রহিমা বেগম (৬০) ওরফে আমিনা বেগম। সন্তানরা যুক্তরাজ্যে বসবাস করায় তিনি ওসমানীনগরের গোয়ালাবাজার নিজ বাসায় একা থাকতেন।
আমিনা বেগমের ভাই আব্দুল কাদির ও আব্দুল খালিক বোনের দেখাশোনা করতেন।
২০২০ সালের ২৮ জুলাই বিকাল ৩টার দিকে আমিনা বেগমের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন তার ভাই আব্দুল কাদির। এরপর ফোন বন্ধ পেয়ে ৩০ জুলাই ভাই আব্দুল খালিক তার ছেলে আব্দুস সামাদকে পাঠালে ঘরের গেইট তালাবদ্ধ দেখে ফিরে যান।
ঘটনাটি যুক্তরাজ্যে বসবাসরত আমিনা বেগমের ছেলে-মেয়েদের জানানোর হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরের বাথরুম থেকে গলাকাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আমিনা বেগমের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
তদন্তকালে পুলিশ পাশের বাসার জলিল ওরফে কালু মিয়াকে যুক্তরাজ্য প্রবাসী নারীর লুণ্ঠিত মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেপ্তার করে।
পরে কালু মিয়া হত্যায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
এ ঘটনায় জলিল কালুকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই আমিনুল ইসলাম।
মামলায় ২০২১ সালের ১৪ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে আসামির বিচারক কার্য শুরু করে।
