পাবনায় ডোবা থেকে ভ্যানসহ চালকের মরদেহ উদ্ধার
তিনি আগের দিন বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন বলে স্বজনরা জানান।
পাবনার চাটমোহরে নিখোঁজের পর ডোবা থেকে রিকশাভ্যানসহ এর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গুয়াখড়া বেণি তালুকদারের মোড়ের পাশের ডোবা থেকে ভ্যান ও লাশটি উদ্ধার করা হয় চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন।
নিহত ভ্যানচালক রেজাউল করিম (৪১) চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া এলাকার আফজাল প্রামাণিকের ছেলে।
নিহতের ছেলে রাসেল প্রামাণিক বলেন, “বাবা বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল পর্যন্ত বাড়ি না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে গুয়াখড়া বেণি তালুকদারের মোড় এলাকায় পুকুরের মত একটি ডোবায় ভ্যানসহ মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। পরে সেখানে গিয়ে দেখি, বাবার লাশ।”
ওসি সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
