রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা: আসামি ‘আরসা নেতা’ গ্রেপ্তার
র্যাবের ভাষ্য, নুর কামাল ওরফে সমি উদ্দিন আরসার কিলিং গ্রুপের প্রধান।
বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা মামলার এক আসামিকে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাবের ভাষ্য, নুর কামাল ওরফে সমি উদ্দিন (৪৫) রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার কিলিং গ্রুপের প্রধান এবং মুহিবুল্লাহ হত্যার পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়কারী।
র্যাব কর্মকর্তা আবু সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে ধরা হয়।
এ সময় নুর কামালের আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান আবু সালাম।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর হিউম্যান রাইটসের সভাপতি মাস্টার মুহিব্বুল্লাহ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
উখিয়া থানা পুলিশ ২০২২ সালের ১৩ জুন ২৯ জনের নামে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযুক্তদের মধ্যে কয়েকজন আরসা নেতাও রয়েছেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
