পিরোজপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
ঘটনার পরদিন রোববার মধ্যরাতে মাদারীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবি-৮ এর বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু।
গ্রেপ্তার মো. মানিক হাওলাদার (৫০) জিয়ানগর উপজেলার ভবানীপুরের বাসিন্দা। তিনি কাউখালী উপজেলায় বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার দুপুরে এসআরবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ বছর বয়সি ওই নারী বাড়িতে একা বসবাস করতেন। শনিবার রাত সাড়ে ১০টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচজন লোক ঘরে প্রবেশ করেন। তারা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য বরিশালের এসআরবি বরাবর একটি অধিযাচনপত্র পাঠান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-৮। গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
কাউখালী থানায় ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
