ফরিদপুরে কিল-ঘুষিতে বাবার মৃত্যু, ছেলে আটক
নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার বাবাকে এলোপাতাড়ি মারতে থাকেন বলে জানায় পুলিশ।
ফরিদপুরের সদরপুরে তুচ্ছ ঘটনার জেরে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ জানান।
নিহত ৬৫ বছর বয়সি ওহাব মোল্লা ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আটক ছেলের নাম জাহিদ মোল্লা (২৬)। তিনি চার বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে দাবি তার পরিবারের।
স্থানীয়দের বরাতে ওসি মামুন বলেন, “সন্ধ্যার দিকে বসত ঘরের বারান্দায় বসে ছিলেন ওহাব। এ সময় জাহিদ ঘরে বিদ্যুতের কাজ করতে গেলে তার বাবা বলেন, ‘তুই কি বিদ্যুতের কাজ জানিস যে করবি।’
“এ নিয়ে বাবা ও ছেলে মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার বাবাকে এলোপাতাড়ি মাথায় ও মুখে কিলঘুষি মারতে থাকেন। প্রতিবেশীরা ওহাবকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ওসি মামুন আরও বলেন, “নিহতের ছেলেকে আটক করা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
