গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০
“পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা সংঘর্ষে নারী ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও হামলা করা হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আমিনুর মোল্যা ও ইনামুল শেখের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
শনিবারও দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে রোববার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আমিনুরের সমর্থক আফিদুলকে ইনামুলের সমর্থকরা মারধর করে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন রামদা ও টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে দশটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, আমিনুর মোল্যা ও ইনামুল শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহত ৩০ জনের মধ্যে নারী ও শিক্ষার্থী রয়েছেন।
“পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
