সুনামগঞ্জে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই, একজন নিহত
প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। এ সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে একজনের মৃত্যু হয়।
সোমবার ভোরে উপজেলার চিকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জিসান রহমান নাবিক জানান।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত আফরোজ মিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
আগুনে প্রায় ৭০০ মণ ধান, মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও এক গবাদি পশু পুড়ে যায় বলে জানান ওই বাড়ির তারিছ মিয়া ও আহাদ মিয়া।
তারা জানান, গভীর রাতে ঘুম থেকে জেগে তাদের ঘরসহ পাশের কয়েকটি ঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তাদের প্রতিবেশি আফরোজ দা দিয়ে বিদ্যুতের লাইন কাটতে গিয়ে নিজেই স্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া আগুন থেকে বাঁচতে ঘর থেকে বেরুতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
তারা আরও জানান, আগুনের লেলিহান শিখা বাড়তে দেখে গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। শেষ রাতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ বলতে পারছেন না তারা।
এতে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুনে ক্ষতিগ্রস্ত রিপন মিয়া জানান, তার বসতঘরের সঙ্গে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মতে প্রাণ নিয়ে বেরুতে পেরেছেন; এখন খোলা আকাশের নিচে আছেন।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের জিসান রহমান নাবিক বলেন, “স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।”
শান্তিঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
