নওগাঁয় একজনকে কুপিয়ে হত্যা, আটক ৪
দুটি ‘মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের জের ধরে’ এই হামলার ঘটনা ঘটে।
নওগাঁর মান্দা উপজেলায় ‘মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের জের ধরে’ একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান মান্দা থানার ওসি শাহিনুর রহমান।
নিহত আতিকুর রহমান (৩৫) উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে।
হামলায় কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক (৪৫), একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত আইনুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। একে কেন্দ্র করে দেলুয়াবাড়ি বাজারের কয়েকজন মিলে অজ্ঞাত মোটরসাইকেল চালককে মারধর করেন। এ সময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন বাধা দিলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাজারের মুরগিপট্টি এলাকায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শরিফ উদ্দিন ও পাইলটের নেতৃত্বে ২০-২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে রুবেল হোসেনের বড় ভাই আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা করেন।
এ সময় আতিকুর রহমানকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে তারা। তাকে বাঁচাতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালাকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।
পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হয়েছে।
তারা হলেন- মেহেদী হাসান পাইলট (৩০), তার বাবা আব্দুল মজিদ (৬০), রায়হান (৩০) ও পারুল বিবি (৫০)।
এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
