নাটোরে নৌকার মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
মনোনয়ন ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে বলে জানান নাটোর সদর থানার ওসি।
নাটোর-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছেন।
রোববার বিকাল ৫টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এই বিক্ষোভ হলেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন।
নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও তার ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর মনোনয়ন প্রার্থী ছিলেন।
সেখানে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকেই নৌকার মাঝি করেছে দলটি।
বিকালে মনোনয়ন ঘোষণার পর আবুল কালাম ও সাগরের সমর্থকরা বিক্ষোভ করেন।
মনোনয়ন না পাওয়া প্রার্থীর সমর্থকেরা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে কি-না জানতে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে ওসি উজ্জ্বল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, কোনো ট্রেন তখন আটকে ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
অন্যদিকে, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে আবার নৌকার মাঝি করা হয়েছে।
তিনি মনোনীত হওয়ায় তার সমর্থকরা বিকাল পৌনে ৫টার দিকে নাটোরের প্রেসক্লাবের সামনে একটি আনন্দ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় পটকা ফুটিয়ে আনন্দ উচ্ছ্বাস করে।
এ ছাড়া সিংড়া, বড়াইগ্রামে আনন্দ মিছিল করেছেন মনোনীত প্রার্থীর সমর্থকেরা। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।
আইনশৃঙ্খলার বিষয়ে নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, “আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।”
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
