পাবনার প্রতিবেশীদের বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে টাকা লেনদেন নিয়ে বোনের বাগবিতণ্ডার জেরে তাদের মাকে মারধর করা হয় বলে অভিযোগ দুই ভাইয়ের।
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
সোমবার রাতে পৌর শহরের মশুরিয়াপাড়া কামারপাড়া এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে; পরে মঙ্গলবার ভোরে গৃহবধূর মৃত্যু হওয়ার অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।
নিহত ময়না খাতুন (৫০) ওই এলাকার রেজাউল করিমের স্ত্রী।
ময়না খাতুনের ছেলে মমিন হোসেন বলেন, “সোমবার সন্ধ্যায় প্রতিবেশী রনি হোসেনের স্ত্রী শিলা খাতুনের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আমার বোন নিশির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রনি ও শিলা আমার বোনকে মারধর করেন।
“খবর পেয়ে আমি ও আমার ছোট ভাই রিপন হোসেন ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদেরও মারধর করেন। পরে আমরা ভয়ে এলাকার বাইরে চলে যাই।
“পরে রাত সাড়ে ৮টার দিকে রনি ও শিলার পক্ষ নিয়ে একই এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর হোসেন আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
“এরই এক পর্যায়ে জাহাঙ্গীরের সঙ্গে থাকা ইমরান, আলমগীর, সুজন, আসিফ, আকাশ লোহার পাইপ ও কাঠের বাটাম দিয়ে আমার মাকে বেধড়ক মারধর করে।”
মমিন হোসেন আরও বলেন, “খবর পেয়ে মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
“পরে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বানেশ্বর এলাকায় মা মারা যান।”
নিহতের আরেক ছেলে রিপন হোসেন বলেন, “আমার মায়ের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ওসি অরবিন্দ সরকার বলেন, “তারা অভিযোগ দিয়েছেন, আমরা খোঁজখবর নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করবো। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি।”
