২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না: মির্জা ফখরুল

“বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত, মানুষের যে অধিকার তা পুরোপুরিভাবে হরণ করা হয়েছে।“

আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না: মির্জা ফখরুল

মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 08:32 PM

Updated : 04 Apr 2023, 08:32 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ নতুন করে ২০১৪ ও ২০১৮ সালের মত তামাশা শুরু করেছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো তামাশার নির্বাচনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, জনগণ যেখানে তার সত্যিকারের ভোট দিতে পারবে, তার মত প্রকাশ করতে পারবে; এই ধরনের একটা নির্বাচন আমরা চাই।

“অবশ্যই সেই নির্বাচনটা যদি আওয়ামী লীগ থাকা অবস্থায় হয় তাহলে সেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। শেখ হাসিনা জনগণের দ্বারা নির্বাচিত হননি; তাকে পদত্যাগ করতে হবে, তার সরকারকে পদত্যাগ করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, “সেই সঙ্গে এই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে, এটি আমাদের প্রধান দাবি।”

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও শহরের পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

এ সময় তিনি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, “আওয়ামী লীগ সরকার দেশের এমন কী উন্নয়নমূলক কাজ করছে? আজকে একটা আগুন নেভানোর মত বিভাগ পর্যন্ত নেই। যে ফায়ার বিগ্রেড আছে, তারা ৪০টির ওপর ইউনিট কাজ করার পরও বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারেনি। অর্থাৎ এই ফায়ার বিগ্রেডের সেরকম সক্ষমতা নেই এত বড় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার মত।”

“এ ঘটনাগুলো কেন ঘটছে? এ ঘটনাগুলো হচ্ছে এই জন্যে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো দায়িত্বে রয়েছে দেখভাল করার, তারা দেখবে কোথায় আগুন নেভানোর কোনো ব্যবস্থা আছে কিনা; কিন্তু আমরা মনে করি, সরকারের এসব প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে।”

বিএনপির মহাসচিব বলেন, “প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা আইনজীবী সমিতি, এই সমিতিকে এই আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে দখল করার জন্য শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে দ্বিধা করছে না। এই একটা জায়গা আইনজীবী সমিতি, যেখানে মানুষের আস্থা ছিল, সেই আস্থাটাও এখন পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাওয়ার অবস্থা হয়েছে।”

বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। মানুষের যে অধিকার তা পুরোপুরিভাবে হরণ করা হয়েছে। লুণ্ঠিত হচ্ছে ব্যক্তিগত অধিকার এবং সংবিধানকে এখানে প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।