জামালপুরে রেললাইন থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
বাড়ির পাশে রেললাইন পারাপারের সময় আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়েন সোহাগ।
জামালপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়া এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।
জামালপুর জিআরপি থানার এসআই আব্দুস ছাত্তার জানান, রোববার ভোরে উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. সোহাগ (৩২) বাদেচান্দি গ্রামের জমশেদ আলীর ছেলে। তিনি কানে কম শুনতেন বলে স্থানীয়দের বরাতে জানায় রেল পুলিশ।
এসআই আব্দুস ছাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ১২টায় বাদেচান্দি এলাকায় বাড়ির পাশে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে জামালপুরগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান সোহাগ ।
খবর পেয়ে জামালপুর জিআরপি পুলিশ রোববার ভোরে তার লাশ উদ্ধার করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান রেল থানার এসআই আব্দুস ছাত্তার।
