১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে বন্যা: সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মীর ছুটি বাতিল

প্রাথমিকভাবে তিন টন চিড়া, তিন টন মুড়ি, গুড়, খাবার পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং ওরস্যালাইন ক্রয় করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:37 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে সিটি করপোরেশনের সব কর্মকর্তা ও কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সাহায্যের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে অবস্থান করায় সভায় ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান সভাপতিত্ব করেন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সভায় নগরীর কয়েকটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব ওয়ার্ডে বৃহস্পতিবার রাতের মধ্যে কাউন্সিলরদের মাধ্যমে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী পাঠানো হবে।

“তাছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কাজের জন্য নৌকার ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাসহ জরুরি সেবার জন্য ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনস্বার্থে সিলেট সিটি করপোরেশনের বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে তিন টন চিড়া, তিন টন মুড়ি, গুড়, খাবার পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং ওরস্যালাইন ক্রয় করা হয়েছে।

“এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের জন্য কন্ট্রোল রুম (০১৯৫৮২৮৪৮০০) অথবা ভারপ্রাপ্ত মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।”

সভায় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলরসহ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব আশিক নূর এবং বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। 

সিলেটে পানিবন্দি ৫ লাখের বেশি মানুষ

সিলেটের ৫ উপজেলায় বন্যা, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ