২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বসে যাওয়া আওয়ামী লীগের ইউনুসকে নিয়ে এক মঞ্চে মেনন

“নৌকার বিজয়ের প্রশ্নে কারো সঙ্গে আপস থাকবে না। আমরা নৌকার প্রশ্নে এক ও অভিন্ন।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 12:15 AM

Updated : 18 Dec 2023, 12:15 AM

বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও দলীয় নির্দেশে সরে যাওয়া অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং ওই আসনে নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক মঞ্চে সভা করেছেন।  

রোববার সন্ধ্যায় উজিরপুর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। 

সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রধানমন্ত্রী তাকে (রাশেদ খান মেনন) নৌকা প্রতীক দিয়েছেন। যে আস্থা ও বিশ্বাস করে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অংশে কম কাজ করবে না। 

“নৌকার বিজয়ের প্রশ্নে কারো সঙ্গে আপস থাকবে না। আমরা নৌকার প্রশ্নে এক ও অভিন্ন।” 

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, “আমি কি মেনন ভাইয়ের কাছে অঙ্গীকার করতে পারি?

তখন সমস্বরে নেতাকর্মীরা সায় জানালে তালুকদার মো. ইউনুস বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করব। কোনো আপস করব না।” 

এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তার (তালুকদার মো. ইউনুস) এখানে বিজয় নিশ্চিত ছিলো। তার এ ত্যাগ ও এখানে হাজির হয়ে দেওয়া বক্তব্য ঐতিহাসিক। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

মেনন বলেন, “প্রধানমন্ত্রী দেশের স্বার্থে এ আসনে আমাকে প্রার্থী করেছেন। আমি ইউনুসকে সঙ্গে নিয়ে কাজ করব। প্রচার শুরু হলে মাঠে নামব।” 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হেমায়েত উদ্দিন।